ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ মে, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুক্রবার সাতক্ষীরার বাজারে উঠেছে হিমসাগর আম। প্রথম দিনেই বাজার ভরে যায় সুস্বাদু ও সুমিষ্ট হিমসাগর আমে।
সাতক্ষীরার সবচেয়ে বড় আমের মোকাম সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রচুর হিমসাগর আম উঠেছে। আগেই আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা করায় দিনক্ষণ মেনে বাজারে হাজির হয়েছেন দেশের বিভিন্ন এলাকার পাইকাররাও।
বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে প্রতি মণ হিমসাগর আম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারসংশ্লিষ্টরা জানান, দু-এক দিনের মধ্যেই আমের দাম কিছুটা কমতে পারে।
টাঙ্গাইল থেকে আসা পাইকার আব্দুর রহিম বলেন, সাতক্ষীরার আম সবার আগে বাজারে ওঠে। সেই সঙ্গে সাতক্ষীরার আমের স্বাদও চমৎকার।
সাতক্ষীরার গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া ও আম্রপালির বিশেষ চাহিদা রয়েছে সারা দেশে।
হিমসাগর আম প্রসঙ্গে তিনি বলেন, প্রথম দিন হিমসাগর আমের দাম একটু বেশি গেছে বলে মনে হয়েছে। এ ছাড়া প্রিমিয়াম সাইজের আম পেতে আরও সপ্তাহখানেক লাগতে পারে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৫ মে থেকে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি আম বাজারজাত করার কথা রয়েছে। এর আগে ৫ মে বাজারে ওঠে সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগসহ স্থানীয় জাতের আম।
সূত্রমতে, জেলায় চলতি মৌসুমে ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে ৫ হাজার ২৯৯টি বাগানে প্রায় ৪৫ হাজার ৭৫০ জন কৃষক আম চাষ করেছেন। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৯০০ মেট্রিক টন। এ ছাড়া চলতি মৌসুমে ১০০ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৩৫০ কোটি টাকার আম বিক্রি হতে পারে।