ঢাকা, মঙ্গলবার, ০৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ মে, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১

চীনেরর হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে এবং দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, অন্তত ৬১ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই কারখানার আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

উদ্ধার তৎপরতায় অংশ নেন প্রায় ৫০০ কর্মী। ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, যা উদ্ধারকাজে গতি বাড়ায়।

 

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভেতরে থাকা গানপাউডার গুদাম উদ্ধার কার্যক্রমে বড় ধরনের ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা বিস্ফোরণ এড়াতে এলাকা আর্দ্র রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যাওয়ার তথ্য জানিয়েছে সিসিটিভি।

ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

লিউইয়াং শহর বিশ্বে আতশবাজি উৎপাদনের অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। তবে চীনে এ ধরনের দুর্ঘটনা নতুন নয়; চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একই ধরনের আরেকটি বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।


   আরও সংবাদ