ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ মে, ২০২৬ ১২:২৭ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন এবং কঠোর শৃঙ্খলার মধ্য দিয়েই তারা সেবায় নিয়োজিত থাকেন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজের জীবন বাজি রেখে এই বাহিনীতে যোগদান করে। তাদের জীবনযাত্রা খুবই কঠিন-ফজরের নামাজ থেকে শুরু করে রাত পর্যন্ত প্রশিক্ষণ, প্রশাসনিক দায়িত্ব এবং নাইট ডিউটি করতে হয়।
অনেক সময় একজন সৈনিক দুই দিন পর গিয়ে ঘুমানোর সুযোগ পান।
উপদেষ্টা বলেন, মাঠপর্যায়ে সেনাসদস্যরা যখন জনগণের সঙ্গে কাজ করেন, তখন তাদের দায়িত্ববোধ আরও বেড়ে যায়।
জেলা প্রশাসকরা এ বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বাহিনী প্রধানদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও ধন্যবাদ জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের সেনাবাহিনী যেভাবে মাঠ প্রশাসনকে সহায়তা করেছে, সেটিকে তারা যুগান্তকারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
সশস্ত্র বাহিনীর সার্বিক কার্যক্রম নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়েছে।
ড. এ কে এম শামছুল ইসলাম বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আরও জনমুখী করার লক্ষ্য নিয়ে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।