স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
আসন্ন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগেই টেস্ট স্কোয়াড প্রকাশ করা তারা।
ঘোষিত দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন তিনি।
এখন অপেক্ষা আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের। এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিমও।
এছাড়া পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের পর আবার টেস্ট দলে ফিরেছেন। অফ-স্পিনার নাঈম হাসানও প্রায় এক বছর পর দলে ফিরেছেন।
ওপেনার তানজিদ হাসান সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলছেন। সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন। ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ১ হাজার ৭৯২ রান করেছেন ৪০ গড়ে।
তানজিদকে দলে সুযোগ দেওয়া নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘তানজিদকে টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনায় রাখা হয়েছিল। তার প্রথম শ্রেণির রেকর্ড ভালো। আমরা মনে করেছি সে এই ফরম্যাটে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাওয়ার যোগ্য।’
এদিকে দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স করে আসছেন অমিত হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৮২টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৯ গড়ে অমিতের রান ৩ হাজার ৬৫০। ১১টি সেঞ্চুরি ছাড়াও আছেন ১৭টি হাফ সেঞ্চুরি। চলমান বিসিএলেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। ইষ্ট জোনের হয়ে খেলতে নেমে খেলেছেন ১৬২ রানের ইনিংস। লংগার ভার্সনে তার সর্বোচ্চ রান ২১৩।
অমিতকে প্রথমবার সুযোগ দেওয়া নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই ও দলে সুযোগ পেয়েছে। তার মানসিক দৃঢ়তা টেস্ট ক্রিকেটের জন্য উপযোগী।’
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, ৮ মে। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্টটি ২০২৫-২০২৭ আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
প্রথম টেস্টের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান, আমিতে হাসান।