ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


মার্কিন দূতদের পাকিস্তান সফর বাতিল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যাতায়াতের পেছনে ‘অনেক বেশি সময়’ অপচয় করা হয়েছে।

 

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘আমি মাত্রই আমার প্রতিনিধিদের পাকিস্তান সফরের পরিকল্পনাটি বাতিল করেছি, যারা ইরানিদের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ যাচ্ছিলেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘যাতায়াতে প্রচুর সময় নষ্ট হচ্ছে, কাজের চাপও অনেক! তাছাড়া তাদের (ইরান) ‘নেতৃত্বের’ মধ্যে প্রচণ্ড অভ্যন্তরীণ কোন্দল ও বিভ্রান্তি রয়েছে।

সেখানে আসলে কে দায়িত্বে আছেন তা কেউ জানে না, এমনকি তারা নিজেরাও জানে না।’

 

ট্রাম্প বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, সব তাস এখন আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই! তারা যদি কথা বলতে চায়, তবে তাদের শুধু একটি ফোন করলেই হবে!!!’

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে।

সফরকালে দলটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করে।

 

শনিবার (২৫ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে তেহরানের পক্ষ থেকে কিছু শর্ত পাকিস্তানি নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছে ইরানি প্রতিনিধি দল।

আব্বাস আরাগচির নেতৃত্বাধীন এই প্রতিনিধি দল যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানের দাবিগুলোর একটি আনুষ্ঠানিক তালিকা হস্তান্তর করেছে।

 

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছিলেন, শনিবার যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে। ওই দলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

তবে কয়েক ঘণ্টার ব্যবধানে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিলের খবর দিলেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: দ্য গার্ডিয়ান


   আরও সংবাদ