ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬ ২৩:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
৫ আগস্টের পরিবর্তনের পরও সরকারের আচরণে কোনও পরিবর্তন আসেনি এবং তাদের ভাষা অনেকটা শেখ হাসিনার মতোই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হুংকার দিচ্ছেন আন্দোলন করলে মোকাবেলা করা হবে।
এই ভাষা হচ্ছে শেখ হাসিনার ভাষা। কিন্তু হুংকার দিয়ে বা চোখ রাঙিয়ে জনগণের আন্দোলন কেউ দমাতে পারবে না।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগর পানির টাংকি মোড়ে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে হামিদুর রহমান আজাদ বলেন, সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে ৫ আগস্ট কোনো পরিবর্তন হয়েছে। তাদের কর্মকাণ্ডে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে কিংবা ফ্যাসিবাদের পতন হয়েছে।
কারণ হাসিনার সরকার ছিল গণবিরোধী, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণবিরোধীর খেতাব নিতে যাচ্ছে।
তিনি বলেন, আপনারা পার্লামেন্টে সংবিধান নিয়ে জিকির করেন, তসবিহ পড়েন। কিন্তু সেই সংবিধানের ৩৯ নম্বর ধারায় যে বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে, তা রক্ষা করতে পারছেন না। পঞ্চগড়ে রাশেদ প্রধানের বাড়িতে যখন বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায়, তখন সরকার বা প্রশাসন কেন তার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে পারল না?
১১ দলের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করছি। অতীতে শেখ হাসিনা পাল্টা কর্মসূচি দিয়ে আমাদের দমনের চেষ্টা করেছিলেন, কিন্তু জনগণের শক্তির সামনে তারা দাঁড়াতে পারেনি। বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের মতো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন-পীড়ন চালায়, তবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করবে এবং দাবি আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।