ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১৬:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার
ঢাকা: সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।
বুধবার (০৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়ামের একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত, মোট তিন দিন আট ঘণ্টা চলবে।
এ সময় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।
তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসি’র অপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
গ্রাহক ও সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।