স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ২০:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
মালদ্বীপের মালে স্টেডিয়ামে আবারও উড়ল লাল-সবুজের বিজয় নিশান। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত এই লড়াইয়ে দলের একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।
কোচ মার্ক কক্সের শিষ্যরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং নেপালকে চাপে রাখে।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল তারা। মুরশেদ আলীর পাসে বক্সের ভেতর বল পান নাজমুল হুদা ফয়সাল। সামনে ফাঁকায় থাকা সতীর্থ রোনান সুলিভানকে পাস দিলে নিশ্চিত গোল হতে পারত, কিন্তু ফয়সাল নিজেই শট নিলে বল পোস্টের বাইরে চলে যায়।
তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
১১তম মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর মাপা ক্রসে বক্সের ভেতর জটলার মাঝখান থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান মানিক। তার এই গোলে গ্যালারিতে থাকা প্রবাসী দর্শক ও ডাগআউটে আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
লিড নেওয়ার পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠা বাংলাদেশ প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়।
এক পর্যায়ে রোনান সুলিভান বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে একটি লং পাসে ছুটে গিয়েও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি জয় আহমেদ। অন্যদিকে, সমতায় ফিরতে নেপালও কয়েকটি আক্রমণ গড়ে তোলে।
দ্বিতীয়ার্ধের ১১তম মিনিটে বিজ্ঞান খাদকার নেওয়া একটি ফ্রি-কিক ক্রসবারের ওপরের জালে লাগলে অল্পের জন্য রক্ষা পায় বাংলাদেশ।
ম্যাচের শেষ দিকে নেপাল মরিয়া হয়ে উঠলেও বাংলাদেশের রক্ষণভাগ ভাঙতে পারেনি। এই ম্যাচেই বদলি হিসেবে নেমে অভিষেক হয় রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানের।
আগামী শনিবার শিরোপা নির্ধারণী ফাইনালে খেলবে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও ভুটানের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে লড়বে লাল-সবুজরা।