ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বকাপে খেলবে ইরান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২৬ ১৪:৫১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


বিশ্বকাপে খেলবে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তার অবসান ঘটিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নিচ্ছে এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।

চলমান যুদ্ধের জেরে ইরানের ফুটবল ফেডারেশন তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেওয়ার জন্য ফিফার সঙ্গে আলোচনা করছিল। তবে তুরস্কের আনতালিয়ায় ইরান ও কোস্টারিকার প্রীতি ম্যাচ দেখতে এসে ইনফান্তিনো এই জল্পনা উড়িয়ে দেন।

এএফপি-কে তিনি বলেন, 'ইরান বিশ্বকাপে থাকছে। তারা অত্যন্ত শক্তিশালী একটি দল, তাদের উপস্থিতিতে আমরা আনন্দিত। ড্র অনুযায়ী যেখানে খেলা হওয়ার কথা, ম্যাচগুলো সেখানেই অনুষ্ঠিত হবে।'

 

ইরানের বিশ্বকাপ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

ঘোষিত সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে খেলবে:

১৬ জুন: নিউজিল্যান্ডের বিপক্ষে (লস অ্যাঞ্জেলস)
২২ জুন: বেলজিয়ামের বিপক্ষে (লস অ্যাঞ্জেলস)
২৭ জুন: মিশরের বিপক্ষে (সিয়াটল)

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

পাল্টা জবাবে ইরান দাবি করেছিল, আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকেই বরং বাদ দেওয়া উচিত। এমনকি ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালিও এক পর্যায়ে অংশগ্রহণের প্রতিকূল পরিস্থিতির কথা জানিয়েছিলেন।

 

তবে ইরান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মেহেদী মোহাম্মদ নবী বর্তমানে নমনীয় অবস্থানে রয়েছেন। তিনি বলেন, "আমাদের কাছে ফিফার নিয়মই সব।

ফিফা যা সিদ্ধান্ত নেবে, আমরা তা মেনে চলব।"

 

বিবিসি পার্সিয়ান স্পোর্টসের বিশ্লেষকদের মতে, ফিফা সভাপতির তুরস্ক সফর এবং ইরানের ৫-০ গোলের বড় জয় উপভোগ করা এটাই প্রমাণ করে যে, ইরান বিশ্বকাপ বয়কট করছে না। 

ইনফান্তিনোর এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, জুনে খেলা শুরু হওয়ার আগেই বর্তমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হবে। এমন সম্ভাবনাও দেখা যাচ্ছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দুয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।

 


   আরও সংবাদ