আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ১৩:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র তেহরানকে পাঁচটি শর্ত দিয়েছে বলে একাধিক প্রতিবেদনে জানা গেছে। ইসরায়েলের চ্যানেল ১২ সূত্রের খবর, মঙ্গলবার রাতে এই শর্ত ইরানকে জানানো হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পাকিস্তানের মাধ্যমে এই শর্ত ইরানকে পৌঁছে দেওয়া হয়েছে।
মার্কিন দূত স্টিভ উইটক্রফট ও জারেড কুশনার প্রস্তাব দিয়েছেন এক মাসের যুদ্ধবিরতি।
এই সময়ে ১৫ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। চ্যানেল ১২-এর রিপোর্টে বলা হয়েছে, এই পরিকল্পনায় ইরানকে পরমাণু কার্যক্রম থেকে পুরোপুরি সরে আসতে হবে, প্রক্সি সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে (হামাস, হেজবোল্লা) সাহায্য বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে হবে।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইসরায়েল এই পরিকল্পনা মেনে নিয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় ইসরায়েল নেই।
তিনি বলেন, এখনও হামলা চলছে এবং এটি চলবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, আমি ইরানের প্রেসিডেন্টকে বলেছি, আলোচনা শুরু করতে, যাতে উত্তেজনা কমানোর একটি রূপরেখা পাওয়া যায় এবং ইরানের পরমাণু ও ব্যালিস্টিক প্রোগ্রাম এই অঞ্চলের অস্থিরতার কারণ না হয়।
অন্যদিকে, আমেরিকা মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা পাঠাচ্ছে।
৮২তম এয়ারবোর্ন ডিভিশনের সেনারা ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের যেকোনো স্থানে মোতায়েন হওয়ার প্রস্তুতি রাখে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা ইরানের ‘উপযুক্ত’ লোকেদের সঙ্গেই কথা বলছে। ইরান একটি চুক্তি করতে চাচ্ছে।
এদিকে ইরান জানিয়েছে, সম্পূর্ণ জয় না পাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে।
সূত্র: রয়টার্স