ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ মার্চ, ২০২৬ ২১:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুই কার্গো এলএনজি ও ১ কোটি লিটার পাম অলিনসহ ৬টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৮৮৩ কোটি টাকা।
বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন ৫টি লটে ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
টিসিবি’র কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে এই ১ কোটি লিটার ভোজ্যতেল দেওয়া হবে।
শেষে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ১ কোটি লিটার পাম অলিন ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় কেনার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।
টিসিবি’র গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ এই দামে তেল সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল।
সভায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই কার্গো (২৪-২৫ এপ্রিল সময়ের জন্য ১০ম, ২৭-২৮ এপ্রিল সময়ের জন্য ১১তম) এলএনজি ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লি. এই ২ কার্গো এলএনজি সরবরাহ করবে।
প্রতি কার্গো এলএজির দাম পড়বে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। সে হিসেব ২ কার্গো এলএনজি’র আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি টাকা।
সভায় ২০২৫-২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত টিকা ইউনিসেফ থেকে অগ্রিম অর্থ প্রেরণের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
সূত্র জানায়, মাঠ পর্যায়ে ইপিআই কার্যক্রম চলমান রাখতে ২০২৫-২৬ অর্থবছরে সকল রুটিন ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব গত ৬ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়।
সভায়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ১৪তম লটে ৩০ হাজার টন ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
সভায় ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ’ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় ১০ হাজার টন ধারণ ক্ষমতার ১টি বাফার গুদাম নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। মেসার্স এসএস রহমান ইন্টান্যাশনাল ৪৩ কোটি ১৫ লাখ টাকায় এই গুদাম নির্মাণের কাজ করবে।
সভায় বাপবিবো’র বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনকিায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা- ময়মনসিংহ বিভাগ) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এসপিসি পোল ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি।
২২৯ কোটি ৯০ লাখ টাকায় ১৭৭টি এসপিসি পোল কেনা হবে।