ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রমিক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


 শ্রমিক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে কৃষি শ্রমিক মোবারক হোসেন হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  

রোববার (১৫ মার্চ) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালত-৪ এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন অভিযুক্তদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আরিফা খাতুন, আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলী।

 

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ২০২০ সালের ১৫ জুন বড়াইগ্রাম উপজেলার ইকড়ি গ্রামের মোবারক হোসেন বাড়ির পাশের বেড়ি বিলে পটলের জমিতে কাজ করতে যান। এরপর মোবারক দুপুরে একই এলাকায় তার শ্বশুরবাড়িতে খাওয়া শেষ করে পুনরায় বিলের জমিতে চলে যান। এরপর বিকেল শেষে সন্ধ্যা হতে চললেও মোবারক বাড়িতে ফিরে না এলে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন বিলে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সন্ধ্যার পর বিলের মধ্যে মোবারক হোসেনের হাত পা বাঁধা লাশ দেখতে পান তারা।

পরে ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহত মোবারক হোসেনের স্ত্রী মোছা. রানী বেগম বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতিবেশী আরিফা খাতুনকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আরিফা খাতুন স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে জড়িত আসাদুল ইসলাম, আব্দুর রশীদ ও জিহাদ আলীর নাম প্রকাশ করেন।

পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ প্রায় ৬ বছর মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আজ অভিযুক্তদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণায় বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।

 


   আরও সংবাদ