আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার
ইরানের আত্মসমর্পণ এবং দেশটির পরবর্তী নেতা নির্বাচনে ভূমিকা রাখার ব্যাপারে ট্রাম্পের দাবিগুলো ‘পুরোপুরি প্রত্যাখ্যানের ভঙ্গিতে’ মোকাবিলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি।
আল জাজিরাকে তিনি বলেন, আমরা দেখছি যে ইরান পরিবর্তনের পরিবর্তে ধারাবাহিকতার সংকেত দিচ্ছে।
আবাস আসলানি বলেন, তারা বলছে পরবর্তী নেতা নির্বাচন করার দায়িত্ব বিশেষজ্ঞ পরিষদের (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) এবং ইরানি কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই মন্তব্যগুলোকে নিয়ে উপহাস করছেন।
তিনি আরও বলেন, আমরা গত কয়েকদিন ধরে তেহরানের বক্তব্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছি এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনোভাবে যুক্ত হওয়ার জন্য কোনো পরিবর্তনের সংকেত দিচ্ছে না।
প্রসঙ্গত, শুক্রবার (৬ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ইরানের জন্য নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন, যাদের তিনি ‘গ্রহণযোগ্য’ বলে মনে করেন।
ট্রাম্প লিখেছেন, আত্মসমর্পণের পর এবং একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক চমৎকার ও অত্যন্ত সাহসী মিত্র ও অংশীদাররা ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব। ইরানকে আগের চেয়ে অর্থনৈতিকভাবে আরও বড়, আরও উন্নত এবং শক্তিশালী করে তুলব।
তিনি লিখেছেন, ইরানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। ‘মেক ইরান গ্রেট অ্যাগেইন (এমআইজিএ)!’