ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আব্দুর জব্বার (৫৩) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত আব্দুর জব্বার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে আব্দুর জব্বার নামে এক ব্যক্তি আহত হয়েছেন বলে আমরা শুনেছি। বর্তমানে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী জানান, বিকেলে দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি সংলগ্ন ৫১/৭ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের ভেতরে সাত–আটজন বাংলাদেশি কাঠুরিয়া কাঠ সংগ্রহ করতে যান। এসময় সেখানে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে আব্দুর জব্বার গুরুতর আহত হন।
পরে সঙ্গে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।