ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অ্যালেন ঝড়ে প্রোটিয়াদের বিদায়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


অ্যালেন ঝড়ে প্রোটিয়াদের বিদায়

সেমিফাইনালের মঞ্চে এমন ব্যাটিং খুব কমই দেখা যায়। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল নিউজিল্যান্ড। যার কেন্দ্রে ছিলেন ওপেনার ফিন অ্যালেন। ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের বাইরে ছুড়ে ফেলেন তিনি।

 

ইডেনে টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে মাত্র ১২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।

ব্যাটিংয়ে নেমে দ্রুতই কুইন্টন ডি কককে হারায় দক্ষিণ আফ্রিকা। ১০ রান করে ফেরেন তিনি।

তিন নম্বরে নেমে রানের খাতা খুলতে পারেননি রায়ান। অধিনায়ক এইডেন মার্করামও সুবিধা করতে ব্যর্থ হন।

 

চাপের মুখে ইনিংস গড়ার চেষ্টা করেন ব্রেভিস। তবে ২৭ বলে ৩৪ রানের বেশি এগোতে পারেননি তিনি।

ষষ্ঠ উইকেটে স্টাবস ও জানসেন জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান। স্টাবস ২৪ বলে ২৯ রান করেন। শেষ দিকে জানসেন ৩০ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলেন। তার ব্যাটেই ১৬৯ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।

 

লক্ষ্য তাড়া করতে নেমে আগুনে শুরু করেন টিম সেইফার্ট ও অ্যালেন।

দ্বিতীয় ওভারেই সেইফার্ট ক্যাচ দিলেও সুযোগ হাতছাড়া করেন ডি কক। এরপর আর পেছনে তাকাতে হয়নি।

 

পাওয়ার প্লে শেষেই বিনা উইকেটে ৮৪ রান তোলে নিউজিল্যান্ড। সেইফার্ট ২৫ বলে ফিফটি করে ৩৩ বলে ৫৮ রানে থামেন। তার বিদায়ে ১১৭ রানের উদ্বোধনী জুটি ভাঙলেও ম্যাচ তখন অনেকটাই হাতের মুঠোয়। অন্য প্রান্তে অ্যালেন ছিলেন আরও ভয়ংকর। ১৯ বলে অর্ধশতক পূর্ণ করার পর পরের ৫০ রান তুলতে খেলেন মাত্র ১৪ বল। ৩৩ বলেই তিন অঙ্কে পৌঁছে যান তিনি। যা টেস্ট খেলুড়ে দুই দেশের মধ্যকার টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির নতুন নজির।

শেষ পর্যন্ত ৩৩ বলে ১০০ রানে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়েন অ্যালেন। সেমিফাইনালের মতো বড় ম্যাচে তার বিধ্বংসী ইনিংসই ব্যবধান গড়ে দেয়।

এ জয়ে শিরোপার লড়াইয়ে জায়গা নিশ্চিত করল নিউজিল্যান্ড, স্বপ্নভঙ্গ হলো দক্ষিণ আফ্রিকার।


   আরও সংবাদ