স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ১৯:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তারকা লেগ-স্পিনার রশিদ খানকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় বোর্ড এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই রশিদের নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল।
শ্রীলঙ্কা সিরিজ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সহ-অধিনায়ক ইব্রাহিম জাদরানকে মূল দায়িত্বে নিয়ে এলো।
নেতৃত্বের পাশাপাশি স্কোয়াডেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশ্বকাপের দলে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইশাককে ওয়ানডে ও টি-টোয়েন্টি, কোনো সংস্করণেই রাখা হয়নি। টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছেন টপ-অর্ডার উইকেটকিপার ব্যাটার নূর রহমান, অলরাউন্ডার শরাফউদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফরিদ আহমেদ।
অন্যদিকে, ওয়ানডে দলে ফিরেছেন ফরিদ আহমেদ মালিক এবং প্রথমবারের মতো ডাক পেয়েছেন জিয়া উর রহমান শরিফি।
সিরিজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের বর্তমান সামরিক পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এসিবি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে আলোচনা চালাচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে ভেন্যু বা সূচিতে পরিবর্তন আসতে পারে।
শ্রীলঙ্কা সিরিজের সূচি:
টি-টোয়েন্টি ম্যাচ: ১৩, ১৫ ও ১৭ মার্চ।
ওয়ানডে ম্যাচ: ২০, ২২ ও ২৫ মার্চ।
ঘোষিত স্কোয়াড
টি-টোয়েন্টি দল: ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান, সেদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, শহীদুল্লাহ কামাল, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, নূর আহমদ, মুজিব উর রহমান, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমেদ মালিক এবং আব্দুল্লাহ আহমেদজাই।
ওয়ানডে দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সিদ্দিকুল্লাহ আতাল, দরবেশ রসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটি, এএম গজানফর, জিয়া উর রহমান শরিফি, ফরিদ আহমেদ মালিক এবং বিলাল সামি।