ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ১৯:৪২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০ বার
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কূটনীতিক ও এতিম-আলেম-উলামাদের সম্মানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুধুমাত্র দুটি ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী শুধুমাত্র দুটি ইফতার আয়োজন করছেন।
এর মধ্যে ৬ মার্চ (শুক্রবার) কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার অনুষ্ঠিত হবে। দুটি আয়োজনই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার পার্টির সময়সূচি নির্ধারিত থাকলেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেগুলো বাতিল করা হয়েছে।
প্রতিবছর রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তবে এবার দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান পারিবারিকভাবে নিজ বাসভবনে ইফতার করছেন এবং রাষ্ট্রীয়ভাবে জাঁকজমকপূর্ণ আয়োজন রাখা হয়নি।