আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬ ১৩:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ক্রপস (আইআরজিসি)। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ‘ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা’ চালায় তারা।
আইআরজিসি জানিয়েছে, তারা ২০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মাধ্যমে ‘মার্কিন বিমান ঘাঁটির প্রধান কমান্ড ও সদর দপ্তর ভবন ধ্বংস করা হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে’।
এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে একটি হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটি জানিয়েছে, মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‘একঝাঁক ড্রোন’ ছুড়ে তারা ওই ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
হিজবুল্লাহ বলেছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায়।
এ হামলায় খামেনি নিহত হয়েছেন।
এরপর থেকে ইরান ও তার মিত্ররা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা-পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: আল জাজিরা