আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ মার্চ, ২০২৬ ১৩:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলা হয়েছে, তা ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অপারেশন বলে দাবি করা হয়েছে। একইভাবে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে হামলা চালাতে পারে বলেও জানিয়েছে ইরানের সামরিক সূত্র।
ইরানের সামরিক সূত্রের বরাত দিয়ে এ কথা জানায় দেশটির তাসনিম নিউজ এজেন্সি।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এই ‘ফলস ফ্ল্যাগ’ হামলার উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোকে বিভ্রান্ত করা এবং ইরানে অন্যায্য আক্রমণের দায় থেকে মনোযোগ সরানো।
তাসনিম নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ওই সামরিক সূত্র জানায়, আরামকোতে হামলাটি ছিল ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরানে বেসামরিক স্থাপনায় হামলার মতো অপরাধ থেকে আঞ্চলিক দেশগুলোর দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করাই ইসরায়েলের লক্ষ্য।
ইরানের ওই সামরিক সূত্র আরও বলে, ইরান স্পষ্টভাবে ঘোষণা করেছে যে, তারা এ অঞ্চলের সব মার্কিন ও ইসরায়েলি স্বার্থ, স্থাপনা ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং ইতোমধ্যে অনেকগুলোর ওপর হামলা চালিয়েছে। তবে এসব লক্ষ্যবস্তুর মধ্যে আরামকো ছিল না।
সামরিক সূত্রটি আরও জানায়, তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পরবর্তী ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে পারে।