ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাফুফেকে তিনটি স্টেডিয়াম দিচ্ছে সরকার

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


বাফুফেকে তিনটি স্টেডিয়াম দিচ্ছে সরকার

বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের সংকট নিরসনে একটি বড় মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ কর্মকর্তাদের এক ফলপ্রসূ বৈঠকে সরকার নীতিগতভাবে তিনটি প্রধান স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে প্রায় দুই ঘণ্টার এক বৈঠক করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বৈঠকে বাফুফে প্রতিনিধিরা ফুটবলের জন্য নির্দিষ্ট বা ‘ডেডিকেটেড’ ভেন্যুর দাবি জানান।

আলোচনা শেষে মন্ত্রী জানান, ফিফা অনুদানের সঠিক ব্যবহার এবং ফুটবলের পেশাদারিত্ব বজায় রাখতে তিনটি মাঠ আনুষ্ঠানিকভাবে ফেডারেশনের হাতে তুলে দেওয়া হবে।

 

প্রাথমিকভাবে যে তিনটি স্টেডিয়াম বাফুফেকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো: কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম (ঢাকা), সিলেট জেলা স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম (চট্টগ্রাম)

মন্ত্রী জানান, আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে এই মাঠগুলো হস্তান্তর করা হবে। গ্যালারি উন্নয়ন থেকে শুরু করে স্টেডিয়ামের সার্বিক ব্যবস্থাপনা ফিফার অর্থায়নে আধুনিকায়ন করা হবে।

বৈঠক শেষে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম একে অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, 'প্রতিমন্ত্রীর নেতৃত্বে এবং সরকারের সহযোগিতায় আমরা এই মেয়াদেই একটি পূর্ণাঙ্গ ফুটবল-বান্ধব স্টেডিয়াম পাব বলে আশা করছি।'

 

স্থানীয় অন্য খেলার আয়োজকদের সাথে যেন কোনো বিরোধ তৈরি না হয়, সে বিষয়েও তিনি সমন্বয়ের আশ্বাস দেন। তিনি জানান, ফুটবল ও অন্যান্য খেলাধুলা যাতে সুস্থভাবে সহাবস্থান করতে পারে, সেভাবেই সমঝোতা স্মারক (MoU) তৈরি করা হবে।

হামজা চৌধুরীর মতো প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে অন্তর্ভুক্তি এবং নতুন নেতৃত্বের অধীনে দেশের ফুটবলে যে জোয়ার তৈরি হয়েছে, এই তিনটি ভেন্যু প্রাপ্তি তাকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 


   আরও সংবাদ