ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৬:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার
পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।
আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হবে।
শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
তার পদত্যাগের খবরে পুলিশ প্রশাসনের ভেতরে-বাইরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কে হচ্ছেন পরবর্তী কমিশনার; এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত সরদার নূরুল আমিনের নাম সম্ভাব্য ডিএমপি কমিশনার হিসেবে আলোচনায় রয়েছে। তিনি পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করছেন এবং প্রশাসনের অভ্যন্তরে তার নাম নিয়েই বেশি আলোচনা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে আরেকটি সূত্র জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের নামও নতুন ডিএমপি কমিশনার হিসেবে বিবেচনায় আসতে পারে। এছাড়া আরও দুই-একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ঘুরে বেড়াচ্ছে আলোচনায়।