স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১৫:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণকারী দলগুলোর অবস্থান পরিষ্কার হয়েছে। আইসিসি নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য পরবর্তী আসরে বাংলাদেশ সরাসরি খেলবে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, মোট ২০ দলের এই আসরে ১২টি দল সরাসরি জায়গা পাবে এবং বাকি ৮ দলকে খেলতে হবে বাছাইপর্ব। আইসিসি জানিয়েছে, আগামী ৯ মার্চ পর্যন্ত প্রকাশিত র্যাঙ্কিং বিবেচনায় নিয়েই চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।
তবে ৯ মার্চের আগে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ না থাকায় তাদের র্যাঙ্কিংয়ে পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে ১০ম, ১১তম ও ১২তম অবস্থানে থাকা এই তিন দেশ সরাসরি টিকিট নিশ্চিত করেছে।
আইসিসির ঘোষণার পর আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘দুঃখজনকভাবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা অংশ নিতে পারিনি।
তবুও ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করা নিঃসন্দেহে একটি বড় সাফল্য।’
তিনি আরও যোগ করেন, ‘এই অর্জন প্রমাণ করে চ্যালেঞ্জ আমাদের থামাতে পারে না বরং আরও সংগঠিত ও দৃঢ় করে তোলে। গত এক বছরের ধারাবাহিক পরিশ্রম, পরিকল্পনা ও দলগত ঐক্যের ফল আজ আমরা পাচ্ছি। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টকে আন্তরিক অভিনন্দন।
দৃঢ় নেতৃত্বের জন্য লিটনকে বিশেষ শুভেচ্ছা। জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে আমি আমার দলকে নিয়ে সত্যিই গর্বিত।’