ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শুরুতে কঠিন ছিল, তবে দিনে দিনে মানিয়ে নিচ্ছি

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


শুরুতে কঠিন ছিল, তবে দিনে দিনে মানিয়ে নিচ্ছি

আসন্ন এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়ে অবশেষে আলোচনায় এসেছেন সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়া সিদ্দিকী।

এর আগে নিজস্ব খরচে ঢাকায় এসে পাঁচ দিনের ট্রায়াল ক্যাম্পে অংশ নিয়ে চূড়ান্ত দলে জায়গা করে নিলেও, পুরো প্রক্রিয়া চলাকালীন সংবাদমাধ্যম ও ক্যামেরার আড়ালেই ছিলেন আনিকা। ২৬ সদস্যের দলে নাম ঘোষণার পরও তিনি লোকচক্ষুর অন্তরালে ছিলেন। অবশেষে ২০ বছর বয়সী এই প্রতিশ্রুতিশীল উইঙ্গার-মিডফিল্ডারকে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়েছে; বাফুফের মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সমর্থকরা তাকে প্রথমবার দেখার সুযোগ পেয়েছেন।

 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ৪৫ সেকেন্ডের একটি ভিডিওতে আনিকা দলের সঙ্গে তার প্রাথমিক অভিজ্ঞতার কথা শেয়ার করেন।

নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে তিনি স্বীকার করেন যে শুরুতে এটি বেশ চ্যালেঞ্জিং ছিল। তিনি বলেন, আমার ভালো লাগছে। শুরুতে কিছুটা কঠিন ছিল... আবহাওয়া এবং সবকিছুই ছিল নতুন।

তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। শুরুতে স্বাভাবিকভাবেই কিছুটা অস্বস্তি লাগে, কিন্তু দিনে দিনে সবকিছু ভালো হচ্ছে।'

 

আনিকা আরও জানান যে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করা তার দীর্ঘদিনের ব্যক্তিগত লালিত স্বপ্ন ছিল। তিনি বলেন, হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার এই লক্ষ্য ছিল।

আমি কোনো না কোনোভাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম, তাই এখানে আসতে পেরে আমি খুব খুশি।'

 

দলে যোগ দেওয়ার পর থেকেই সতীর্থদের সঙ্গে তার বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। নতুন বন্ধুদের বিষয়ে জানতে চাওয়া হলে আনিকা আফঈদা (খন্দকার), রিপা, স্বপ্না (রানি) এবং রূপনা (চাকমা)-র নাম উল্লেখ করেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। থাইল্যান্ডে যাত্রাবিরতি শেষে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিডনি পৌঁছানোর কথা রয়েছে তাদের।

২২ ফেব্রুয়ারি থেকে ‘ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে’ দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে এবং সিডনিতেই আগামী ২৬ ফেব্রুয়ারি ‘ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স’-এর বিপক্ষে একটি ক্লোজড ডোর প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আফঈদাদের।

 


   আরও সংবাদ