ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ নভেম্বর, ২০২৬ ১৬:৩১ অপরাহ্ন | দেখা হয়েছে ২২ বার


সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এসএম আসলাম ওরফে সুইডেন আসলামকে (৬৪) জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন রিমান্ডের এ আদেশ দেন।

 

 

গত ২৩ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে হাজির করে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান।

সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

 

 

 

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত এসএম আসলাম ওরফে সুইডেন আসলামের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ঘটনার মূল রহস্য উদঘাটন, ইন্ধনদাতা শনাক্ত, ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং রনি, ভাঙ্গারি রনি, এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল ও শাহজাহানসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে রিমান্ড আবেদন করা হয়েছে।

 

জানা যায়, খন্দকার নাঈম আহমেদ টিটন দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১০ আগস্ট জামিনে মুক্তি পেয়ে বর্তমান ঠিকানায় বসবাস করছিলেন। বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে এনামুল হাসান হেলাল, পিচ্ছি হেলাল, বাদল কিলার বাদল, কাইলা বাদল, শাহজাহান, রনি ও ভাঙ্গারি রনিসহ সংশ্লিষ্টদের সঙ্গে ঝামেলা চলছিল। গত ২৬ এপ্রিল ছোট ভাই টিটন ফোনে বিষয়টি বড় ভাইকে জানিয়েছিলেন।

এরপর গত ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলা পাকা রাস্তার ওপর পূর্বপরিকল্পিতভাবে দুজন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। ডান কানের ওপরি ভাগ, বাম ভ্রুর ওপরে কপাল, পিঠের বাম পাশের নিচে ও ডান পাশের ওপরে, বাম হাতের কনুইয়ের সামনের ও নিচের দিকে এবং বাম বগলের নিচে একাধিক গুলিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন (৫৬) যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।  


   আরও সংবাদ