ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ইসরায়েলে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। নির্বাচনের দুই সপ্তাহ পরও কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।

ফলে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগপর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময়ে রাষ্ট্র পরিচালনা, সামরিক বাহিনী নিয়ন্ত্রণ ও পররাষ্ট্রনীতিসহ গুরুত্বপূর্ণ ক্ষমতা তাঁর হাতেই থাকছে।

 

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। গত রোববার দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বিরোধী নেতা গাদি আইজেনকটকে সরকার গঠনের প্রাথমিক দায়িত্ব দিয়েছেন।

এ জন্য তিনি ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

 

ইসরায়েলের আইন অনুযায়ী, নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী সরকার দায়িত্ব পালন করতে পারে। সেই হিসাবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহু সামরিক বাহিনীর ওপর নিয়ন্ত্রণ, নিরাপত্তাবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ এবং গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষমতা ধরে রাখছেন।

তবে নতুন করে যুদ্ধ শুরুর ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। একক সিদ্ধান্তে যুদ্ধ শুরুর ক্ষমতা প্রধানমন্ত্রীর নেই। তা সত্ত্বেও বিশ্লেষকদের আশঙ্কা, ইরান ও লেবাননকে ঘিরে চলমান উত্তেজনাকে কাজে লাগিয়ে নেতানিয়াহু নতুন সামরিক পদক্ষেপ নিতে পারেন। দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে।

 

 

এদিকে গতকাল মঙ্গলবার জেরুজালেমে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্টের ১২০ সদস্য। তাদের মধ্যে ৪৬ জনই নতুন মুখ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নতুন পার্লামেন্টে নারী সদস্যের সংখ্যাও বেড়েছে। এবার দায়িত্ব নিচ্ছেন ৩৩ জন নারী আইনপ্রণেতা। গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ২১ জন সদস্যের মধ্যে ১৫ জনই নতুন।

পার্লামেন্টে আইজেনকটের বিরোধী জোটের আসন ৪৮টি। আরব-ইসরায়েলি আইনপ্রণেতাদের ১৯ জনের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব। তবে বিরোধী নেতা আভিগদর লিবারম্যান আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতা করছেন। অন্যদিকে ১৩ আসনের কট্টর ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও নেতানিয়াহু নতুন আইন প্রণয়নের মাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার থেকে সুরক্ষা নিতে পারবেন না। তবে তাঁর নেওয়া কিছু আর্থিক সিদ্ধান্ত পরবর্তী সরকারের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে বিরোধী জোটের মধ্যে বিভক্তি তৈরির চেষ্টাও চালাচ্ছেন তিনি।

অন্যদিকে নতুন পার্লামেন্টে নিরাপত্তা ব্যর্থতার তদন্তে কমিশন গঠনের উদ্যোগ নিতে চায় বিরোধী দলগুলো। ফলে সরকার গঠনের অনিশ্চয়তার পাশাপাশি পার্লামেন্টে নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।


   আরও সংবাদ