ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
ব্যয় সংকোচনের পথে হাঁটছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে নতুন গাড়ি কেনা, নতুন ভবন নির্মাণ এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
একইসঙ্গে মূল বাজেটে নির্ধারিত ব্যয়সীমার বাইরে অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না কোনো মন্ত্রণালয় বা বিভাগ। উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রেও কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে অর্থ বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রাক্কলনসংক্রান্ত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) জারি করা পরিপত্রে সই করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট-১) ড. জিয়াউল আবেদীন।
পরিপত্রে বলা হয়েছে, সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন উভয় খাতের ব্যয় মূল বাজেটে নির্ধারিত মোট সীমার মধ্যে রাখতে হবে। কোনো মন্ত্রণালয় বা বিভাগ অতিরিক্ত বরাদ্দ দাবি করতে পারবে না।
তবে অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম বাস্তবায়নের প্রয়োজনে একই মন্ত্রণালয় বা বিভাগের বিভিন্ন অপারেশনাল ইউনিট কিংবা অর্থনৈতিক কোডের মধ্যে বরাদ্দ পুনর্বিন্যাস করা যাবে। সে ক্ষেত্রে মোট ব্যয়সীমা অতিক্রম করা যাবে না।
নতুন গাড়ি ও ভবন নির্মাণে বিধিনিষেধ
সরকারি ব্যয় কমাতে নতুন যানবাহন কেনার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে অর্থ বিভাগ। পরিপত্র অনুযায়ী, মোটরযান, জলযান ও আকাশযান কেনার জন্য মূল বাজেটে বরাদ্দ করা অর্থ ব্যয় করা যাবে না। তবে ১০ বছরের বেশি পুরোনো টিওঅ্যান্ডইভুক্ত (টেবিল অব অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট) যানবাহন প্রতিস্থাপন এবং নবগঠিত সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় যানবাহন কেনার ক্ষেত্রে অর্থ বিভাগের অনুমোদন নেওয়া যাবে।
এ ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত যানবাহন ছাড়া প্রতিস্থাপন বা নতুন কেনা জিপ ও কার অবশ্যই ফুল ইলেকট্রিক ভেহিকল (এফইভি) হতে হবে। তবে ৮ জুলাই ২০২৬-এর আগে অনুমোদিত উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে এ শর্ত শিথিল করা যাবে।
সরকারি কর্মচারীদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত বিশেষ অগ্রিম ঋণ খাতেও বরাদ্দ রাখা যাবে না।
নতুন ভবন নির্মাণেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। পরিচালন বাজেটের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট স্থাপনা ছাড়া নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ থাকবে। তবে যেসব চলমান নির্মাণকাজের অগ্রগতি কমপক্ষে ৭০ শতাংশ, সেগুলোর জন্য অর্থ বিভাগের অনুমোদন নিয়ে অর্থ ব্যয় করা যাবে।
জরুরি প্রয়োজনে যথাযথ যৌক্তিকতা তুলে ধরে অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগও বিশেষ বিবেচনায় অর্থ বিভাগের অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করতে পারবে। এ ছাড়া পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণ খাতে কোনো বরাদ্দ রাখা যাবে না।
বিদেশে প্রশিক্ষণ ও ভ্রমণেও কড়াকড়ি
সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালায় অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে অত্যাবশ্যকীয় প্রয়োজনে সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ রাখা যাবে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের ৮ জুলাই ২০২৬ তারিখের পরিপত্র অনুসরণ করতে হবে।
অন্যদিকে আপ্যায়ন, সেমিনার, অনুষ্ঠান ও উৎসব খাতে অপরিহার্য প্রয়োজনে অর্থ বরাদ্দ রাখা যাবে। তবে এসব ক্ষেত্রে আড়ম্বর পরিহার করে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে।
উন্নয়ন বাজেটে পরিকল্পনা কমিশনের অনুকূলে বিশেষ প্রয়োজনে উন্নয়ন সহায়তা খাতে সংরক্ষিত অর্থও অর্থ বিভাগের পূর্বানুমোদন ছাড়া ব্যয় করা যাবে না।
বেতন-ভাতা নির্ধারণে নতুন বেতনস্কেল
সংশোধিত বাজেটে বেতন-ভাতা খাতের প্রাক্কলন তৈরির ক্ষেত্রে জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুসরণ করতে বলা হয়েছে। এজন্য চলতি অর্থবছরের অক্টোবর মাসের প্রকৃত ব্যয় বিবেচনায় নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট প্রধান হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তার কার্যালয়ের তথ্য-উপাত্ত পর্যালোচনা ও সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রাজস্ব ও মূলধন প্রাপ্তির প্রাক্কলন তৈরির ক্ষেত্রে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের রাজস্ব আদায়ের ধারা বিবেচনা করতে হবে। কোনো খাতে আদায়ের হার বাড়ানো হয়ে থাকলে নতুন হারে সম্ভাব্য অতিরিক্ত রাজস্ব আদায়ের বিষয়টিও হিসাবে নিতে হবে।
একইভাবে পরিচালন ব্যয়ের সংশোধিত প্রাক্কলন তৈরিতে আগের দুই অর্থবছরের প্রথম ছয় মাস এবং চলতি অর্থবছরের প্রথম চার মাসের প্রকৃত ব্যয়ের প্রবণতা বিবেচনায় নিতে বলা হয়েছে।
কমবে প্রকল্পের সংখ্যা, গুরুত্ব পাবে অগ্রাধিকার
সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) প্রকল্পের সংখ্যা সীমিত রাখার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। সরকারের কৌশলগত লক্ষ্য, নির্বাচনি ইশতেহার ও অগ্রাধিকার বিবেচনায় গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করতে হবে। প্রয়োজনে কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিতে হবে। বরাদ্দ ছাড়া কোনো প্রকল্প আরএডিপির মূল অংশে রাখা যাবে না।
একই সংস্থার অধীনে একই উদ্দেশ্য বা প্রকৃতির একাধিক ছোট প্রকল্প আলাদাভাবে প্রস্তাব না করে গুচ্ছ প্রকল্পের আওতায় একত্রে প্রস্তাব করার পরামর্শ দেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচনে সহায়ক এবং মানবসম্পদ উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট খাতকে বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ ও অনুদানে বাস্তবায়নাধীন প্রকল্প, নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, মানব উন্নয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন, কৃষিভিত্তিক শিল্প, পরিবেশ ও জলবায়ু, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং পুনর্বাসনসংক্রান্ত প্রকল্প অগ্রাধিকার পাবে। চলতি অর্থবছরে যেসব প্রকল্প শেষ হওয়ার কথা, সেগুলোকেও গুরুত্ব দিতে হবে।
অর্থায়ন নিশ্চিত হয়েছে কিংবা বৈদেশিক ঋণ বা অনুদান চুক্তি সম্পাদিত হয়েছে-এমন প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। বিপরীতে ধীরগতির প্রকল্প থেকে বরাদ্দ কমিয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থ স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার বরাদ্দ নিশ্চিত করার পরই কেবল অপরিহার্য নতুন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দের প্রস্তাব করা যাবে। বৈদেশিক ঋণ বা অনুদানের অর্থ ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্থানীয় মুদ্রার সংস্থান বা ম্যাচিং ফান্ডের বরাদ্দকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। পাশাপাশি এলাকা ও অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।
বাজেট প্রস্তাব জমার শেষ সময় ২৬ নভেম্বর
সংশোধিত বাজেট প্রাক্কলন ও ব্যয় পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের বাজেট ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে বিস্তারিত পরীক্ষা ও অনুমোদন করাতে হবে। এ-সংক্রান্ত সভার কার্যবিবরণীও প্রাক্কলনের সঙ্গে জমা দিতে হবে।
সংশোধিত বাজেটের কর্তৃত্ব জারির পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজস্ব আহরণ, ব্যয় পরিকল্পনা ও বার্ষিক ক্রয় পরিকল্পনা হালনাগাদ করতে হবে।
পরিপত্র অনুযায়ী, চলতি অর্থবছরের পরিচালন বাজেটের সংশোধিত প্রাক্কলন এবং সংশোধিত নন-এডিপি স্কিমের প্রাক্কলন আগামী ২৬ নভেম্বরের মধ্যে অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ও ২-এ পাঠাতে হবে।
অন্যদিকে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও প্রকল্পের প্রাক্কলন অর্থ বিভাগের পাশাপাশি পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ এবং সংশ্লিষ্ট সেক্টর ডিভিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।