স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ০৯:৩০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
তরুণ প্রজন্মকে মাঠমুখী করা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে পেশাদার ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আজ আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের লোগো উন্মোচন করা হয়েছে।
আগামী ২৫ অক্টোবর থেকে এবিজি বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হবে ক্রিকেট ও ফুটবলের এই আসর। ফ্লাডলাইটের আলোয় রাতে অনুষ্ঠিত হবে দুই খেলার প্রতিযোগিতা।
টুর্নামেন্টে অংশ নেবে দেশের শীর্ষস্থানীয় ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), সোনারগাঁও ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ফেয়ারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
ক্রিকেট ও ফুটবলে পৃথক প্রতিযোগিতায় অংশ নিয়ে শিরোপার জন্য লড়বে বিশ্ববিদ্যালয়গুলোর দলগুলো। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য ১০ লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য ৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে আয়োজকরা।
আকর্ষণীয় এই প্রাইজমানির পাশাপাশি পেশাদার পরিবেশে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
দেশের ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া পরিবেশ তৈরির ধারাবাহিকতায় এবিজির এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বসুন্ধরা কিংসের আন্তর্জাতিক সাফল্য থেকে শুরু করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবিজি স্পোর্টস সিটি গড়ে তোলা, দেশের ক্রীড়াঙ্গনে এসব উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের খেলাধুলাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট।
টুর্নামেন্ট সামনে রেখে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের বাসভবনে অনুষ্ঠিত হয় ‘ক্যাপ্টেনস মিট অ্যান্ড গ্রিট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান, উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, টি স্পোর্টসের নির্বাহী পরিচালক তাসভির উল ইসলাম, অপারেশন্স ম্যানেজার সালমান হাসান এবং ইকরাম হোসেন রাফি। এ ছাড়া ক্রিকেট ও ফুটবলের ২০টি দলের অধিনায়ক এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া অধিনায়কেরা জানান, পেশাদার পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণের এমন সুযোগ তাদের জন্য অত্যন্ত গর্বের। তাদের মতে, এবিজি চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি তরুণ খেলোয়াড়দের দক্ষতা বিকাশ এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ তারকা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আয়োজন।