আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬ ১৯:৫০ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার
যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য তৈরি স্মার্টফোন, ক্যামেরা এবং কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোর পরীক্ষার কাজ থেকে সব চীনা ল্যাবকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার তারা জানিয়েছে, এ বিষয়ে তারা আগামী ২৯ অক্টোবর ভোটাভুটি করবে।
এর মাধ্যমে বেইজিংকে চাপে রাখার লক্ষ্যে নেওয়া তাদের আগের পদক্ষেপগুলোর পরিধি আরও বাড়তে যাচ্ছে।
এফসিসি জানিয়েছে, চীনসহ যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারগুলোকে পারস্পরিক সুযোগ-সুবিধা দেয় না, সেসব দেশের পরীক্ষাগার ও সার্টিফিকেশন সংস্থগুলোকে তারা এ কার্যক্রমে নিষিদ্ধ করবে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার জানিয়েছেন, ২০২৫ সালে ৮২ শতাংশ ইলেকট্রনিক ডিভাইসের পরীক্ষা করা হয়েছিল চীনে, অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই।
এফসিসির এ নিষেধাজ্ঞা ২০২৮ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৫ সালে এফসিসি চীনা সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত ল্যাবগুলোতে মার্কিন ইলেকট্রনিক্স পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে বেশ কয়েক ডজন ল্যাব নিষিদ্ধ হয়েছিল। তবে সংস্থাটি এ বছর জানিয়েছে, চীনভিত্তিক পরীক্ষাগারগুলোর একটি বড় অংশ এখনো মার্কিন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোর পরীক্ষা চালিয়ে যাচ্ছে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অবস্থিত ল্যাবগুলোতে মাত্র ৪ শতাংশের কম ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করা হয়।
তিনি আরও যোগ করেন, এফসিসি আন্তর্জাতিক বাণিজ্যে ন্যায্য ও পারস্পরিক আচরণ নিশ্চিত করার ওপর জোর দেবে।
পাশাপাশি এফসিসি মার্কিন ল্যাবগুলোতে কিংবা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে না– এমন দেশের ল্যাবগুলোতে পরীক্ষা করা ডিভাইসগুলোর জন্য একটি সহজতর অনুমোদন প্রক্রিয়া গ্রহণ করতে যাচ্ছে।
প্রযুক্তিগত বিভিন্ন ইস্যু ও যন্ত্রপাতির ক্ষেত্রে চীনের ওপর চাপ সৃষ্টি করতে ওয়াশিংটনের নেওয়া সর্বশেষ পদক্ষেপ এটি।
গত ডিসেম্বরে এফসিসি সব নতুন মডেলের চীনা ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা দেয় এবং কম্পিউটার, ফোন ও স্মার্ট ডিভাইসগুলোকে ইন্টারনেটের সঙ্গে যুক্ত করা চীনা প্রযুক্তির তৈরি ভোক্তা পর্যায়ের রাউটারের নতুন মডেলগুলোর আমদানিও নিষিদ্ধ করে।
জাতীয় নিরাপত্তার আশঙ্কার কথা বলে এফসিসি এর আগেও কিছু চীনা কোম্পানিকে মার্কিন যুক্তরাষ্ট্রে টেলিযোগাযোগ সেবা দেওয়া থেকে বিরত রেখেছিল।
গত জুলাই মাসে এফসিসি এমন সব ডিভাইসের বিক্রি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেয়, যেগুলোতে জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে থাকা চীনা কোম্পানির গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার রয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত চীনা টেলিকম কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন টেলিকম অপারেটরগুলোকে সংযোগ স্থাপন করা নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছে তারা।
এফসিসি এমন কিছু কোম্পানির একটি তালিকা করেছে, যার মধ্যে হুয়াওয়ে ও জেডটিইর মতো চীনা টেলিকম কোম্পানিও রয়েছে। জাতীয় নিরাপত্তার উদ্বেগের কারণে মার্কিন বাজারে এসব কোম্পানির সরঞ্জামের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
গত জুনে এফসিসি হুয়াওয়ে ও জেডটিইসহ একদল চীনা প্রস্তুতকারকের কাছ থেকে আরও কিছু সরঞ্জামের আমদানি নিষিদ্ধ করেছে এবং বেশিরভাগ সামরিক গ্রেডের ড্রোনের আমদানি নিষিদ্ধ করার প্রস্তাবও দিয়েছে।
সূত্র: রয়টার্স