ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০ বার
উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা, মেধা ও নতুন ধারণার বিকাশ ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উৎপাদনশীলতা একটি চলমান প্রক্রিয়া; এর কোনো চূড়ান্ত সীমা নেই।
কম কর্মঘণ্টায় অধিক ও উন্নতমানের উৎপাদন অর্জনই উৎপাদনশীলতার মূল লক্ষ্য।
শুক্রবার (২ অক্টোবর) ঢাকার মিরপুরে বিসিআইসি কলেজে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্ভাবনী প্রদর্শনী পরিদর্শন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের (এনপিও) মহাপরিচালক মো. নায়েব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল ড. মো. মোকসেদ আলী, অভিভাবক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
কলেজের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও মেধার প্রশংসা করে শিল্পমন্ত্রী বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও চিন্তাশক্তি তাকে অনুপ্রাণিত করেছে।
এসব ধারণার অনেকগুলো এখনো যন্ত্র বা বাস্তব পণ্যে রূপান্তরিত না হলেও ভবিষ্যৎ উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।
শিল্পমন্ত্রী আরও বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তবে রূপ দিতে সরকার সহযোগিতা করতে চায়।
কোনো শিক্ষার্থী ভালো ধারণা নিয়ে এগিয়ে এলে তার পাশে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থাকবে।
বিসিআইসি কলেজকে আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি, সিসিটিভি, প্রজেক্টরসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
পরে মন্ত্রী উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে তিনি উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।