আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৭ বার
ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত ২৪ ঘণ্টায় ৪৭৪টি বিমান হামলা ও নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। এসব অভিযানে ১ হাজার ৫৪০ জন হুথি যোদ্ধা নিহত বা আহত হয়েছেন বলেও দাবি করছেন তারা।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি জানান, হুথিদের অবস্থান, সামরিক গতিবিধি, রসদ সরবরাহ এবং সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়। এতে যুদ্ধবিমান, ড্রোন, গোলন্দাজ ইউনিট, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়েছে।
মুখপাত্র দাবি করেন, অভিযানগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই হয়েছে তাইজ ফ্রন্টে। সেখানেই বেশিরভাগ হুথি যোদ্ধা হতাহত হয়েছেন।
এছাড়াও অভিযানে হুথিদের ২১৬টি সামরিক যান ও অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি বাহিনী।
ইয়েমেনি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সৌদি জোট ইয়েমেনের রাজধানী সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান এলাকা থেকে শুরু করে কিতাফ, আল-জাওফ, মারিব, আল-বাইদা, লাহজ ও সাদাসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়েছে।
সৌদি বাহিনীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে ইয়েমেনের হুথিরা। তাদের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী সানা, সাদা, তাইজ, হাজ্জাহ, আমরান ও ইব প্রদেশের বিভিন্ন এলাকায় ৯৪টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
হুথিরা দাবি করছেন, এসব হামলার লক্ষ্য ছিল বেসামরিক স্থাপনা। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। হামলায় এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছেন তারা।
হুথিদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী অন্তত ১ হাজার ৩৫০ বার হামলা চালিয়েছে।
ক্ষমতা দখল, আঞ্চলিক আধিপত্য বিস্তার এবং লোহিত সাগরের কৌশলগত জলপথ নিয়ন্ত্রণের লড়াইকে কেন্দ্র করে ইয়েমেনে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর লড়াইয়ে দেশটি চরম মানবিক সংকটে পড়েছে। বর্তমানে ইয়েমেনি বাহিনী ও সৌদি জোটের বিরুদ্ধে হুথি বিদ্রোহীদের সংঘাত এবং তাইজসহ বিভিন্ন অঞ্চলে তীব্র সংঘর্ষের ফলে সংঘাত আরও ভয়াবহ রূপ নিয়েছে।
সূত্র: আল-জাজিরা