স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:০৬ অপরাহ্ন | দেখা হয়েছে ২ বার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় গাংগুরিয়া ইউনিয়নের ৮ নম্বর কালিনগর ওয়ার্ডে বিএনপির কর্মী সম্মেলন, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮সেপ্টেম্বর রাত আটটায় ৮নং ওয়ার্ডে কালিনগর গ্রামে আয়োজিত এ সভায় স্থানীয় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
সভায় গাংগুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শফিকুল ইসলাম এবং চেয়ারম্যান পদপ্রার্থী এ এস এম মমিনুল হক ও প্রেসিডেন্ট জিয়ার সৈনিক সমিতির সভাপতি মো. ফেরদৌস আহমেদ স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি থেকে তিনজনের মধ্যে যাকে ই সমর্থন করা হবে , তাতেই মেনে নিবেন তারা। তাঁরা নিজেদের চেয়ারম্যান নয়, জনগণের সৎ ও যোগ্য প্রতিনিধি হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মো. শফিকুল ইসলাম বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের জন্য বরাদ্দকৃত ৮৩ ধরনের সেবা সুষ্ঠু ও স্বচ্ছভাবে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া হবে। এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি।
সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মো. আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে এবং মাওলানা আবু তৈয়বের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাওলানা মাহবুবুর রহমান, লুৎফর রহমান মন্টুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
সভায় গাংগুরিয়া ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের এনামুল হক মেম্বার, শফিকুল ইসলাম ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।