আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নতুন একটি সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য নির্ধারিত আঞ্চলিক বৈঠক স্থগিত করেছে ওমান। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সালালাতে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক স্থগিতের ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করতেই বৈঠকটি স্থগিত করা হয়েছে।
ওমানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার এবং এই অঞ্চলের মানুষের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণ করতে পারে-এমন একটি টেকসই বোঝাপড়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় আলোচনার পরিবেশ তৈরি করাই এই সিদ্ধান্তের লক্ষ্য।
এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ঐকমত্যের স্বার্থে সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ওমান তাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে-এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তবে বৈঠকের নতুন কোনো তারিখ ঘোষণা করেননি আলবুসাইদি। বৈঠকটি স্থগিত করার বিস্তারিত কারণও তিনি জানাননি।
ইরানকে অন্তর্ভুক্ত করে প্রস্তাবিত এই আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণে অস্বীকৃতি জানানোর একদিন পর ওমান বৈঠকটি স্থগিতের ঘোষণা দিল।