ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার


সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার

সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক বাজেট এয়ারলাইনস সালামএয়ার। এখন থেকে সপ্তাহে পাঁচটি নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনসটি।

যাত্রীদের চাহিদা ও ইতিবাচক সাড়া বিবেচনায় মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নতুন সূচি অনুযায়ী, সিলেট-মাস্কাট-সিলেট রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে।

 

সালামএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সিলেটের যাত্রীদের ভালোবাসা, আস্থা ও অব্যাহত সহযোগিতার ফল হিসেবেই এ রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন ফ্লাইট যুক্ত হওয়ায় সিলেটের যাত্রীদের ওমানে যাতায়াত আরও সহজ হবে।

পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রেও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সংযোগের সুযোগ তৈরি হবে।

 

সিলেটবাসীর অব্যাহত সহযোগিতা ও সমর্থন পেলে শিগগিরই এ রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সালামএয়ার কর্তৃপক্ষ।

 

ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ফলে সিলেট অঞ্চলের প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ১ সেপ্টেম্বর সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে সিলেট-মাস্কাট রুটে যাত্রা শুরু করে সালামএয়ার। যাত্রীদের উন্নত ভ্রমণসুবিধা নিশ্চিত করতে এবার সপ্তাহে অতিরিক্ত দুটি ফ্লাইট যুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ‘সালামএয়ারের সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে। ইতিমধ্যে আমরাও এ বিষয়ে অনুমোদন দিয়েছি। শীতকালীন সূচি অনুযায়ী, শুক্রবার ও রোববার ছাড়া সপ্তাহের বাকি পাঁচ দিন সালামএয়ারের সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করবে।’


   আরও সংবাদ