ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার


মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

সরাসরি বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

তবে পরে সেগুলো মেরামত করে আবারও কাজে ফেরানো হয়েছে।

 

হামলায় একটি এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধবিমানটির একটি ডানা ভেঙে গেছে। এ-১০ যুদ্ধবিমানটি ‘ওয়ারথগ’ নামেও পরিচিত।

 

 

 

এর আগে মঙ্গলবার যুক্তরাষ্ট্র জানিয়েছিল, ইরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলার চেষ্টা করার পর তারা ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। এর পরই ইরান পাল্টা হামলা শুরু করে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস দাবি করেছে, তারা আটটি তেলবাহী ট্যাংকার, দুটি যুদ্ধজাহাজ এবং জর্ডানে অবস্থিত ওই মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও অন্যান্য প্রক্ষেপণাস্ত্র ঠেকাতে জর্ডানে থাকা মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ওই হামলায় ইরান থেকে ছোড়া ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৮টি প্রতিহত করা হয়েছে এবং দুটি জনবসতিহীন এলাকায় পড়ে।

সূত্র: সিবিএস নিউজ, রয়টার্স।


   আরও সংবাদ