ঢাকা, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার


একমাত্র যুদ্ধবিরোধী দলকে নির্বাচনে নিষিদ্ধ করল রাশিয়া

ইউক্রেন যুদ্ধের বয়স সাড়ে চার বছর গড়িয়েছে। যুদ্ধ পরিস্থিতির ভেতর রাশিয়ার শান্তিকামী মানুষের শেষ রাজনৈতিক বিকল্পটুকুও কাড়ল ক্রেমলিন।

সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া পার্লামেন্ট নির্বাচনে অংশ নিতে দেশের একমাত্র যুদ্ধবিরোধী দল ‘ইয়াবলকো’র ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

 

ক্রেমলিনপন্থী এক জাতীয়তাবাদী দলের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি ভিয়াচেস্লাভ কিরিলভ স্টেট দুমার নবম অধিবেশনের নির্বাচনে ইয়াবলকোর প্রার্থী তালিকা বাতিলের এই রায় জারি করেন।

 

এই রায়ের পরপরই আদালতের বাইরে সমবেত হওয়া প্রায় একশ তরুণ সমর্থক ‘ধিক্কার! ধিক্কার!’ স্লোগাগানে পুরো চত্বর উত্তপ্ত করে তোলেন।

রায় শুনে ইয়াবলকো প্রধান নিকোলাই রাইবাকভ আদেশের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়ে বলেন, আমাদের সামনে দীর্ঘ পথ বাকি।

মানুষের মৃত্যু থামিয়ে দেশে শান্তি ফেরানোই আমাদের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাজ। আমাদের প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যেই পরিচালিত হবে।

 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ বিরোধীরা বর্তমানে কারাবন্দি, নির্বাসিত বা মৃত হওয়ায় ইয়াবলকোই ছিল রাশিয়ায় সক্রিয় শেষ উদারপন্থী শক্তি। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াও দলটিকে সমর্থন জানান। যদিও রাশিয়ায় তাদের দুজনকেই ‘উগ্রপন্থী’ তালিকায় রাখা হয়েছে।

রুশ ভাষায় ‘ইয়াবলকো’ শব্দের অর্থ ‘আপেল’। চলতি বছরের জরিপে দলটির জনসমর্থন ছিল মাত্র ৩ শতাংশ, যা পার্লামেন্টে আসন পাওয়ার জন্য প্রয়োজনীয় ৫ শতাংশের শর্ত পূরণ করতে ব্যর্থ।

ক্রেমলিনের কঠোর নিয়ন্ত্রণের কারণে ২০০৩ সালের পর থেকে তারা কোনো আসন পায়নি। প্রতিবার জয় পেয়েছে পুতিনের ক্ষমতাসীন ‘ইউনাইটেড রাশিয়া’ দল।

অথচ স্বতন্ত্র সমীক্ষা অনুযায়ী, অধিকাংশ সাধারণ রুশ জনগণ কিয়েভের সঙ্গে শান্তি আলোচনা চান। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সংলাপ নাকচ করে পুতিনের অনড় অবস্থানের কারণে কূটনৈতিক শান্তিপ্রচেষ্টা বারবার থমকে যাচ্ছে।


   আরও সংবাদ