ঢাকা, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শিক্ষার্থীদের এক লাখ স্কুল ড্রেস দিল বিটিএমএ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ অগাস্ট, ২০২৬ ০৯:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


শিক্ষার্থীদের এক লাখ স্কুল ড্রেস দিল বিটিএমএ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে দেওয়ার লক্ষ্যে এক লাখ সেট স্কুল ড্রেস প্রদান করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সরকারের এই উদ্যোগে সহায়তা হিসেবে সংস্থাটি এ পোশাক উপহার দিলো।

 

সোমবার (১০ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিটিএমএ-এর প্রতিনিধি দল মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পোশাকের একটি অংশ হস্তান্তর করে। একই দিন বিকেলে বাকি ড্রেসসমূহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

 

পোশাক হস্তান্তর অনুষ্ঠানে বিটিএমএ-এর প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিল, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

 

বিটিএমএ জানায়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সরকারের এ উদ্যোগে সাড়া দিয়ে টেক্সটাইল শিল্পকে এতে সম্পৃক্ত করা হয়েছে।

 

সরকারের পক্ষ থেকে ড. আ ন ম এহছানুল হক মিলন, ববি হাজ্জাজ এবং মাহদী আমিন বিটিএমএ-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা প্রধানমন্ত্রী এবং তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণে এ সহযোগিতার জন্য বিটিএমএকে ধন্যবাদ জানান।

 

বিটিএমএ এর প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংস্থাটির ভাইস প্রেসিডেন্ট মো. শামীম ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. শফিকুল ইসলাম সরকার, সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন (অব.) এবং জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ জিয়াউর রহমান।

অনুষ্ঠানে বিটিএমএ প্রতিনিধিরা জানান, দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক সংগঠন হিসেবে বিটিএমএ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে। ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের এ ধারাবাহিকতা বজায় থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিস জেসমিন নাহার।


   আরও সংবাদ