ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৩:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার


ইয়েমেনে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত ৭

ইয়েমেনের লোহিত সাগরের বন্দরনগরী আল-মাখায় হুতি বিদ্রোহীদের নতুন দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

 

সোমবার (১০ আগস্ট) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এটি ছিল সেখানে হুতিদের দ্বিতীয় দফা হামলা।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, রোববার দ্বিতীয় দফায় চালানো ওই হামলায় চারজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমুদ্রে গিয়ে পড়ে।

 

এর আগে রোববার প্রথম দফার হামলায় আটজন সামরিক সদস্য ও তিনজন বেসামরিক নাগরিকসহ ১১ জন নিহত এবং ৩২ জন আহত হন। বাণিজ্যিক বন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও বসতবাড়িতে চালানো ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ সময় সরকারি বাহিনী বিস্ফোরকবোঝাই একটি চালকবিহীন নৌকাও ধ্বংস করে।

 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি সেনাদের সমাবেশ এবং অস্ত্রের ডিপো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। হুতিদের দাবি, পশ্চিম উপকূল ও তাইজ প্রদেশে সৌদি সামরিক উপস্থিতি এবং শক্তি বৃদ্ধির জবাবেই তারা বড় ধরনের এই হামলা চালিয়েছে।

সংঘাতের এই ধারা শুধু আল-মাখায় সীমাবদ্ধ ছিল না। তা আল-খোখা এলাকাতেও ছড়িয়ে পড়ে। সেখানে আল-জুমহুরিয়া টেলিভিশনের বরাতে জানা গেছে, হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় হোদেইদাহর ইয়েমেন সরকারের নিয়োগ করা গভর্নর আল-হাসান তাহের অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

হুতিদের সঙ্গে ইয়েমেনি সরকারি বাহিনী ও সৌদি আরবের নেতৃত্বাধীন পক্ষের উত্তেজনা নতুন করে বেড়ে যাওয়ার মধ্যেই এসব হামলার ঘটনা ঘটল। এতে লোহিত সাগর উপকূলীয় এলাকায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা


   আরও সংবাদ