ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চা খেতে যাওয়ার পথে প্রাণ গেল দুই তরুণের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ জুলাই, ২০২৬ ১৫:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


চা খেতে যাওয়ার পথে প্রাণ গেল দুই তরুণের

যশোর: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে ফেরার পথে যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে স্যালোচালিত টলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। 

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড়সংলগ্ন রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) এবং একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)।

আহতরা হলেন একই গ্রামের শাহাজাহানের ছেলে রুবেল (৩০), স্যালোচালিত টলির চালক আমিরুল এবং হেলপার নিরব।

আমিরুল ও নিরব শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি অ্যাপাচি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন।

 

একই সময়ে একটি ভাটা থেকে ইটবোঝাই স্যালোচালিত টলি দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল। রুদ্রপুর গ্রামের শেষ সীমানায় পৌঁছালে দুটি যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নাহিদ ও ঊষার মৃত্যু হয়। গুরুতর আহত রুবেলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহত টলিচালক আমিরুল ও হেলপার নিরবও চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


   আরও সংবাদ