আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ জুলাই, ২০২৬ ১৩:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
ইউক্রেনের ধারাবাহিক হামলায় তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে তৈরি হওয়া জ্বালানির ঘাটতি মোকাবিলায় ভারত থেকে সমুদ্রপথে পেট্রল আমদানি শুরু করেছে রাশিয়া।
বুধবার শিল্প খাতের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্রর তথ্য অনুযায়ী, ভারত থেকে অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রল রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। আরও দুটি ট্যাংকারে ৩০ থেকে ৪০ হাজার টন করে পেট্রল রাশিয়ার পথে রয়েছে।
একই সঙ্গে দেশটি প্রতি মাসে বিভিন্ন উৎস থেকে প্রায় চার লাখ টন পেট্রল আমদানির পরিকল্পনা করেছে।
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
অনেক এলাকায় নির্দিষ্ট পরিমাণে পেট্রল বিক্রি করা হচ্ছে, বেড়েছে দামও।
এ পরিস্থিতিতে রাশিয়া বিদেশ থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে।
ক্রেমলিন জানিয়েছে, গ্রহণযোগ্য দামে পেট্রল আমদানির জন্য কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে রাশিয়া ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
রয়টার্সের তথ্য অনুযায়ী, জুনের প্রথমার্ধে বেলারুশ থেকেও রেলপথে ৭০ হাজার টনের বেশি পেট্রল রাশিয়ায় সরবরাহ করা হয়েছে, যা মে মাসের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
এদিকে এলএসইজি ও ক্লেপারের তথ্য বলছে, জুনে ভারতের অপরিশোধিত তেল আমদানির অর্ধেকেরও বেশি এসেছে রাশিয়া থেকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশটি ওই মাসে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল রুশ অপরিশোধিত তেল আমদানি করেছে।
এদিকে রোববার সরকারি মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেনের ড্রোন হামলায় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি অঞ্চলে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে।
তবে তিনি বলেন, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং সংকট মোকাবিলার চেষ্টা চলছে।