ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ জুলাই, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার
চলতি বছরের জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় ৩৩৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে কন্যাশিশুর সংখ্যা ১৭৭, যা প্রাপ্তবয়স্ক নারীর (১৫৬) তুলনায় বেশি।
মাসটিতে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণের ঘটনা। মোট ১০০টি ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট ঘটনায় ৭২ জন কন্যাশিশু এবং ২৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদের বুধবার (১ জুলাই) প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। দেশের ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন। এর মধ্যে ১২ জন কন্যাশিশু।
ধর্ষণের পর হত্যা করা হয়েছে সাতজন কন্যাশিশুকে। এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে একজন কন্যাশিশু। একই সময়ে ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ৩১ জনই কন্যাশিশু।
ধর্ষণের পর সবচেয়ে বেশি ঘটেছে হত্যার ঘটনা। বিভিন্ন কারণে নিহত হয়েছেন ৫৪ জন। এর মধ্যে ৪৫ জন নারী এবং নয়জন কন্যাশিশু। এছাড়া ৩৩ জনের রহস্যজনক মৃত্যু এবং ১২ জনের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যৌন সহিংসতার শিকার হয়েছেন ৪৩ জন। এর মধ্যে যৌন নিপীড়নের শিকার ১১ জন এবং উত্ত্যক্তের শিকার ২৯ জন। এছাড়া শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৯ জন, পণ-সংক্রান্ত সহিংসতার শিকার পাঁচজন, এসিড ও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন তিনজন এবং নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছে দুজন।
বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে প্রতিরোধমূলক সামাজিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।