ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ ২১:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
সংসদে নিরাপত্তা চাইলেন হামলার শিকার নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাছুম মোস্তফা। সেইসঙ্গে তিনি তার গাড়িতে হামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান।
রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় মাছুম মোস্তফা এ দাবি জানান। এসময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
এসময় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ ঘটনায় ৯ জন গ্রেপ্তার হয়েছে এবং সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
মাছুম মোস্তফা বলেন, নেত্রকোণা-৫ আসন এলাকায় আমি আমার সাংগঠনিক ও সামাজিক কাজে যাই।
কাজ শেষ করে ফেরার সময় আমি একটি ফিলিং স্টেশনে দেখতে পাই প্রচুর গাড়ির ভিড়। তখন আমি স্বাভাবিকভাবে সেখানে দাঁড়ালাম।
ফিলিং স্টেশনে আমার গাড়ি রেখে আমি মানুষের খোঁজখবর নিলাম। ইতোমধ্যে মাগরিবের আজান হয়ে যায়। আমি ফিলিং স্টেশনের নামাজের জায়গায় নামাজ পড়তে যাই আমার লোকজনসহ। এই মুহূর্তে বিএনপির কিছু লোক, যারা বিএনপির নাম ধারণ করেছে, তারা সন্ত্রাসী। তারা আমার গাড়ির ওপর হামলা চালায়। আমার লোকজন যারা শব্দ শুনে আসে তাদের ওপর হামলা করে। শারীরিকভাবে নির্যাতন করে এবং আমি যে মসজিদে ছিলাম সেই মসজিদে গিয়ে আমাকে খুঁজে বের করার চেষ্টা করে। মুসল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন।
তিনি বলেন, সেই মসজিদের দরজা ভাঙার জন্য বিভিন্ন অস্ত্র দিয়ে তারা দরজার ওপর আঘাত করে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারার জন্য হুমকি দেয়। তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করে। পরে আমি শুনতে পাই যে সেখানে পেশাদার কিলারকে নেওয়া হয়েছিল, যাতে আমাকে হত্যা করা হয়। মসজিদের মুসল্লিদের প্রতিরোধের মুখে তারা দরজা ভাঙতে পারে নাই বলে আজ স্পিকার আপনার সামনে দাঁড়ানোর সুযোগ হয়েছে। না হয় আজ আমার জন্য এখানে শোক প্রস্তাব আনতে হতো এবং আমার জন্য হয়ত আপনারা এক মিনিট নীরবতা পালন করতেন। আমি আপনার কাছে আমার নিরাপত্তা চাই, আমার পরিবারের নিরাপত্তা চাই। আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি আমার এলাকার সংগঠনের কর্মীদের নিরাপত্তা চাই। আমাকে জনগণ জিজ্ঞেস করেছে যে কী অপরাধে আপনার ওপর হামলা করা হলো? আমি অপরাধটা বলতে পারি নাই।
এরপর স্পিকার বলেন, আপনার কথা শুনলাম। আমি পত্রিকায় দেখলাম যে আপনার এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে।
এসময় মাছুম মোস্তফা বলেন, পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন শুধু তালিকাভুক্ত আসামি। বাকিরা সবাই নিরপরাধ। আজ নয়জন জামিনে চলে আসছে। আর যারা আসামি ছিলেন তারা সকলেই মিছিল করছেন। এই মুহূর্তে আমার কাছে ফোন এসেছে ৩টার সময় তারা মিটিং করছে। অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। আমি এসপি মহোদয়কে বলেছি যে অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, আমি আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেপ্তার করা হয় ও তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। আমি আপনার কাছে সহযোগিতা চাই।
এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদে ফ্লোর নিয়ে বলেন, ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। আমাদের সংসদ নেতা পাশেই বসে আছেন। তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটার সুষ্ঠু একটি তদন্ত হয়। প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের শাস্তি প্রদান করা হবে। ৯ জন গ্রেপ্তার হয়েছে এবং এটা আরও সুষ্ঠু তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে।
এরপর স্পিকার বলেন, পুরো সংসদ এ বিষয়ে একমত। আপনার এ বিষয়ে যাতে কঠিন ব্যবস্থা নেওয়া হয়, যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরার ব্যাপারে মন্ত্রী ইতোমধ্যে বলেছেন। আপনি ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন।