ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬ ১৬:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ ও ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
তিনি বলেন, যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে ভূমিকা রাখতে পারবেন, এমন নেত্রীদেরই সংসদ নেতা খুঁজে বের করবেন।
বুধবার (০৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘আমরা বিশ্বাস করি, নারীরা সংসদে আসুক।
যত দ্রুত আসে ততই লাভ। নারীদের ক্ষমতায়নের জন্যই আমরা ফ্যামিলি কার্ড করেছি।
রাজনীতিতে যারা দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কন্ট্রিবিউট করতে পারেন, তাদেরই আমরা অগ্রাধিকার দেব। আমি মনে করি সংসদ নেতার সিদ্ধান্ত নির্ভুল হবে এবং তিনি সব সেকশনের রিপ্রেজেন্টেশন নিশ্চিত করবেন।
’
সন্ত্রাসবিরোধী আইন পাস ও ন্যায়বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বলেন, ‘আইন অনুযায়ী দেশের সব মানুষের বিচার হবে। যিনি দোষ করেছেন তার বিচার হবে, নির্দোষ হলে হবে না। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি না। অতীত সরকার যা করে গেছে, আইন অনুযায়ীই তার ফয়সালা হবে।’
সংসদে বিল পাসের গতি নিয়ে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পাসের কাজ দ্রুতগতিতে চলছে। তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস করেছি। বাকিগুলো আজ, কাল বা পরশুর মধ্যে চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।’
জনগণের দেওয়া আমানতের মর্যাদা রক্ষায় সংসদ সদস্যরা কঠোর পরিশ্রম করছেন উল্লেখ করে চিফ হুইপ ঘোষণা দেন যে, কাজ শেষ করতে শুক্রবারও সংসদের অধিবেশন চলবে।
তিনি বলেন, ‘শুক্রবার আমরা প্রথম ও দ্বিতীয় দুটি সেশনই করব। মানুষ ভোট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে তাদের জন্য কাজ করতে। সুতরাং সংসদ সদস্যরা মানুষের জন্য পরিশ্রম করবেন এটাই স্বাভাবিক।’
এর আগে মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকের বিষয়ে চিফ হুইপ বলেন, সংসদীয় দলের বৈঠক নিয়মিত একটি প্রক্রিয়া। সেখানে সংসদে সদস্যদের করণীয় এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।