ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

র‍্যাবকে পেশাদার ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২৬ ১৫:৩৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪ বার


র‍্যাবকে পেশাদার ও প্রযুক্তিনির্ভর বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয়

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) একটি পেশাদার, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দায়িত্বগ্রহণের পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন।

 

দেশের বর্তমান প্রেক্ষাপটে র‍্যাব বিলুপ্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন ডিজি বলেন, র‍্যাব বিলুপ্তি বা এ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার দায়ভার বাহিনীর নয়। তাদের মূল দায়িত্ব হচ্ছে অর্পিত কর্তব্য যথাযথভাবে পালন করা। রাষ্ট্রের সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা বাহিনী হিসেবে জনগণের কাছে র‍্যাবকে ইতিবাচকভাবে উপস্থাপন করাই প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি।

র‍্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে আহসান হাবীব পলাশ বলেন, গত দেড় বছরের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যাবে বাহিনীর বিরুদ্ধে উল্লেখযোগ্য অপকর্ম নেই।

সঠিকভাবে পরিচালনা করা হলে র‍্যাবও সঠিক পথে চলতে পারে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক নির্দেশনা পাওয়া গেছে বলে জানান তিনি।

 

দায়িত্ব পালনকালে র‍্যাবকে কোথায় দেখতে চান– এমন প্রশ্নের জবাবে ডিজি বলেন, একটি পেশাদার, প্রযুক্তিনির্ভর, জনবান্ধব ও মানবিক বাহিনী গড়ে তুলতে চাই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং সবার সহযোগিতা পেলে সেই লক্ষ্য অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে র‍্যাব কাজ করে যাচ্ছে উল্লেখ করে আহসান হাবীব পলাশ বলেন, দেশে যেকোনো ধরনের উগ্রবাদ বা অপরাধ দমনে বাহিনী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।

এছাড়া তেলের সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে র‍্যাব অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ডিজি আরও বলেন, এ ধরনের একটি বাহিনীর প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। ভবিষ্যতেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে প্রতিকার, প্রতিরোধ ও দায়িত্বশীল ভূমিকা রেখে র‍্যাব কাজ করে যাবে।


   আরও সংবাদ