ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জনস্বার্থে মাঠপর্যায়ের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ১৬:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


জনস্বার্থে মাঠপর্যায়ের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

ঢাকা: ঈদের ছুটিতেও বিশ্রামে নেই প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশানের বাসভবনে অবস্থান করে তিনি জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের খোঁজখবর নিচ্ছেন।

 

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঈদের সরকারি ছুটি শুরু হয়েছে। প্রধানমন্ত্রী গুলশান অ্যাভিনিউর বাসভবনে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি দাপ্তরিক জরুরি কাজগুলো সম্পন্ন করছেন। পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং কোথায় কী হচ্ছে তার খোঁজ নিচ্ছেন।

 

 

অতিরিক্ত প্রেস সচিব জানান, দেশজুড়ে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি এবং কাজের গতি-প্রকৃতি সম্পর্কে নিয়মিত তথ্য নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ কার্যক্রম তদারকিতে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা জানতে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গেও কথা বলছেন তারেক রহমান।

 

সিটি করপোরেশনগুলোর সেবার মান নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিশেষ তাগিদ দিচ্ছেন উল্লেখ করে রুমন বলেন, প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে ঈদের এই সময়ে পরিচ্ছন্নতা যেন বজায় থাকে, সে ব্যাপারে তিনি কঠোর নির্দেশনা দিচ্ছেন।

 

 

এছাড়া ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন সরকারপ্রধান।

 

গতকাল (মঙ্গলবার) সরকারি ছুটির প্রথম দিন হলেও প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে অফিস করেছেন। ওই দিন তিনি মন্ত্রিসভার নিয়মিত বৈঠক এবং ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভাসহ একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন।

 

১৭ তারিখ থেকে শুরু হওয়া ঈদের ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। তবে ছুটির পুরো সময়জুড়েই প্রধানমন্ত্রী জনস্বার্থে মাঠপর্যায়ের খোঁজখবর নেবেন বলে জানা গেছে।


   আরও সংবাদ