ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।
সাত দিনের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন, লঞ্চে এবং ব্যক্তিগত বাহনে বাড়ির পথে রওয়ানা দিয়েছেন চাকরিজীবীরা।
১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল। পূর্বঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির সিদ্ধান্ত নেয় সরকার। এর ফলে ঈদের ছুটি মোট সাত দিন।
গত ৫ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শবে কদরের একদিনের ছুটির পর ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি।
এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
এখন ঈদের আগে ১৮ মার্চ ছুটি হওয়ায় ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ, ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি সাত দিন।