ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। আজ সোমবার (১৬ মার্চ) সরকারি অফিস-আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে টানা এক সপ্তাহের ছুটিতে যাচ্ছে দেশ।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয়সহ দেশের সব সরকারি অফিস-আদালতে ছুটির আমেজ শুরু হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে।
এর সঙ্গে অতিরিক্ত ছুটি হিসেবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ১৭ মার্চ শবে কদরের ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়েছে।
ঘোষিত এ ছুটির সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।