ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ মার্চ, ২০২৬ ১৫:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


 ৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়ি-ঘর, জমি-জমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এই সমস্যা সমাধানে মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত প্রায় ৬২ কিলোমিটার এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের আসলপাড়া গ্রামে মেঘনা নদীর তীররক্ষা বাঁধ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা উপকূলীয় অঞ্চলের মানুষ।

প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই এখানে বেঁচে থাকতে হয়। বর্ষা মৌসুমে প্লাবন ও বন্যার স্রোত দেখা দেয়। মজুচৌধুরীরহাট থেকে কমলনগর-রামগতি বয়ারচর পর্যন্ত অনেক এলাকায় বাঁধ না থাকায় মানুষ বাড়িঘর হারিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে এবং পানিতে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

 

তিনি বলেন, আল্লাহর রহমতে তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশপ্রেমিক সরকার পেয়েছি। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়নে কাজ করছি। নদীর তীররক্ষা বাঁধের কাজ কীভাবে হচ্ছে, কাজের মান কেমন এবং ৬২ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রণালয়ের নজর থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব কাজ সম্পন্ন করা হবে।

 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, অতীতে যারা দায়িত্বে ছিলেন তারা দেশের অর্থ লুটপাট ও পাচার করেছেন, বিষয়গুলো এখন তদন্তাধীন রয়েছে। যেসব প্রকল্পে অনিয়ম হয়েছে বা কাজ ঠিকমতো হয়নি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, চলমান কাজগুলো দ্রুত শেষ করা প্রয়োজন। বর্তমান সরকার দুর্নীতিমুক্তভাবে কাজ সম্পন্ন করতে চায়। কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি-না সে বিষয়ে সবসময় নজর রাখা হবে।

 

এ সময় জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক মো. এনায়েত উল্যা এবং পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ