ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


ইরানি নেতৃত্বকে ‘দুইবার ধ্বংস’ করার দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হামলায় ইরানের নেতৃত্ব কাঠামোকে দুইবার কার্যত ‘নিষ্ক্রিয়’ বা ‘ধ্বংস’ করে দেওয়া হয়েছে। ওহাইওর সিনসিনাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানের প্রথম ও দ্বিতীয় ধাক্কায় দেশটির নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত বা অক্ষম হয়ে পড়েছেন। ফলে ইরানের চেইন অব কমান্ড বড় ধরনের আঘাত পেয়েছে।

তার ভাষায়, আমাদের তালিকায় যারা ছিল, তাদের বেশিরভাগই এখন আর নেই।

 

এর আগে এক বক্তব্যে ট্রাম্প দাবি করেছিলেন, মার্কিন ও মিত্র বাহিনীর হামলায় ইরানের নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডারসহ সামরিক অবকাঠামোর বড় অংশই ধ্বংস হয়ে গেছে। বিশেষ করে ২৮টি মাইন স্থাপনকারী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্পের এই চাঞ্চল্যকর বক্তব্য এমন সময় এলো যখন ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে।

তবে এই খবর অস্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান।

 

টেলিগ্রামে এক বার্তায় ইউসুফ জানান, তিনি সংশ্লিষ্ট মহলে যোগাযোগ করে নিশ্চিত হয়েছেন যে মোজতবা খামেনি নিরাপদ আছেন। তবে গত রোববার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখনো জনসমক্ষে দেখা যায়নি বা তিনি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও দেননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি তার মা ও স্ত্রীও নিহত হন।

মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় ট্রাম্প নিজের ‘হতাশা’ ব্যক্ত করেছেন।

 

এদিকে আঞ্চলিক অস্থিরতার কারণে তেলের দাম বাড়লেও ট্রাম্প আশ্বস্ত করেছেন, পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। তিনি বলেন, তেলের দাম অচিরেই কমে আসবে। যদিও এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তেলের দাম ২০০ ডলারে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।


   আরও সংবাদ