ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কুর্দিরা যুদ্ধে জড়িত হোক চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


কুর্দিরা যুদ্ধে জড়িত হোক চান না ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কুর্দিরা সরাসরি যুদ্ধে জড়িত হোক সেটি তিনি চান না। তিনি বলেছেন, আমরা চাই না যুদ্ধটা যতটা জটিল, তার চেয়ে আরও জটিল হয়ে উঠুক।

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি চাই না কুর্দিরা আহত বা নিহত হোক। আমাদের তাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে।

তারা যুদ্ধে নামতে প্রস্তুত কিন্তু আমি তাদের বলেছি- আমি চাই না তারা এতে জড়াক।

 

এর আগে রয়টার্স জানিয়েছিল, বৃহস্পতিবার ট্রাম্প তাদের বলেছিলেন যে ইরানি কুর্দি যোদ্ধারা যদি অভিযান চালায়, তবে তিনি ‘পুরোপুরি সমর্থন করবেন’।

এরও আগে হোয়াইট হাউস একটি প্রতিবেদনের কথা অস্বীকার করেছিল, যেখানে বলা হয়েছিল ট্রাম্প কুর্দিদের অস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন।

অতীতে যুক্তরাষ্ট্রের বাহিনী অনেক কুর্দি যোদ্ধাকে প্রশিক্ষণ দিয়েছিল ইরাকে ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য।

 

বিবিসি সংবাদদাতা উত্তর ইরাকে নির্বাসিত ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে কথা বলেছে। তারা সীমান্ত পার হয়ে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

তবে তাদের যোদ্ধারা ইতোমধ্যেই সীমান্ত পার হয়েছে– এমন দাবি তারা অস্বীকার করেছে।

কুর্দিস্তান ফ্রিডম পার্টি বা পিএকের প্রতিনিধি হানা ইয়াজদানপানা বলেছেন, কুর্দি যোদ্ধাদের সুরক্ষার জন্য তিনি বারবার যুক্তরাষ্ট্রের কাছে নো-ফ্লাই জোন ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখতে চায়

এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান, যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবে না।

কারণ, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের ‘প্রতি পাঁচ বছর পরপর আবার ফিরে এসে’ এই সমস্যার মোকাবিলা করার দরকার হোক।

নিঃশর্ত আত্মসমর্পণ মানে কী– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ বলতে তিনি বোঝেন ইরানের আর লড়াই করতে না পারা কিংবা সামরিকভাবে পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়া।

যদিও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেলের দাম নিয়ে ট্রাম্প বলেন, দাম প্রথমে বাড়বে কিন্তু পরে খুব দ্রুত কমে যাবে।

 

ইরান বলেছে যুক্তরাষ্ট্র তাদের একটি পানিশোধনাগার ধ্বংস করেছে। ট্রাম্প বলেছেন, তিনি এ ব্যাপারে ‘কিছুই জানেন না’।

সূত্র: বিবিসি


   আরও সংবাদ