ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ময়মনসিংহ ও পিরোজপুরে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৪ মার্চ, ২০২৬ ০৯:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


ময়মনসিংহ ও পিরোজপুরে দুদকের অভিযান

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় এলজিইডির সড়ক উন্নয়নে অনিয়ম ও পিরোজপুরে আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ না করে বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩ মার্চ) দুদক এনফোর্সমেন্ট ইউনিট থেকে ২টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় এলজিইডির সড়ক উন্নয়নের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ থেকে মঙ্গলবার একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগস্থল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের মিলনবাজার সংলগ্ন নির্মাণাধীন সড়ক সরেজমিনে পরিদর্শন করা হয়।

সংশ্লিষ্ট রেকর্ডপত্র বিশ্লেষণ ও স্থানীয় লোকদের বক্তব্য গ্রহণ করা হয়। এছাড়াও নির্মাণাধীন সড়কের বিভিন্ন জায়গায় পরিমাপ গ্রহণ করা এবং বিভিন্ন জায়গায় রাস্তা খুঁড়ে প্রাথমিকভাবে যাচাই করা হয়। বিস্তারিত যাচাইয়ের লক্ষ্যে প্রকল্প সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। রেকর্ডপত্রগুলো পর্যালোচনাপূর্বক টিমের পক্ষ থেকে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

 

এছাড়া পিরোজপুর জেলা সদর উপজেলার কদমতলী ইউনিয়নের বাগমারা আবাসন এবং ভান্ডারিয়া উপজেলার ৬ নং ওয়ার্ডসহ বিভিন্ন উপজেলায় আয়রন ব্রিজ নির্মাণ প্রকল্পের কাজ না করে বরাদ্দ করা অর্থ আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘটনাস্থল পরিদর্শনকালে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। টিম আরও জানায়, অভিযোগের বিষয়ে ৮টি মামলার তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্তকালে প্রকল্পগুলোর পরিমাপ গ্রহণ করা হয়েছে।

এনফোর্সমেন্ট টিম এ সংক্রান্ত সব তথ্যাবলি যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

 


   আরও সংবাদ